ভাবতে পারো
সেদিন..যেদিন পৃথিবীর সবাই
আরেক পৃথিবীতে পাড়ি দিল
গল্পের নায়ক নায়িকারা
ওপাড়ার বাবলুদা
পাশের বাড়ির কাকিমা
মেজো পিসি...
কলেজের ভালো নাচতে পারতো
যে ছেলেটা..সে... আরও অনেকে
বাক্স পেটরা
মাথার তেল
দামী গাড়ি
মাধ্যমিকের সার্টিফিকেট গুছিয়ে
রওয়ানা হল নতুন গ্রহে
বিশুদ্ধ সবকিছুর খোঁজে
দুপ্রান্তে পরে ছিলাম
শুধু আমি এবং তুমি
একসাথে বাড়ি ফেরার রাস্তাটা
পথ আগলে দাঁড়াল আমার
বাদামের খোসায় উড়তে থাকা
কবিতাদের ধাওয়া করেছি
তখনও....
আর তুমি..
ও দুনিয়ায় বৃষ্টি হয়না বলে
বাতিল করেছ শেষ টিকিটটাও
তোমার জামার কলারের ময়লা
হ্যাঙারে ঝুলছে চুপচাপ
অথচ সেদিনও আমরা
দুজনে দুজনকে খূঁজে পাইনি
হাত ধরতে গেলেও মাঝের জল
বেড়ে গেছে...বেড়েই গেছে ক্রমশ
দুজনেই অজান্তে
অপেক্ষা করেছি
ভেসে যাওয়ার||
No comments:
Post a Comment