Sunday, August 7, 2016

নীলের সাথে দেখা হয়েছিল
বছর দেড়েক আগে
গতানুগতিক মুখোশের ভিড়ে
পাউডার মাখা মুখের দলে
অনেকটা সাদামাঠা
তবুও অন্যরকম ..
ঠিক যেন স্যাতস্যাতে ঘরে
ঝলমলে রোদ আসা জানলার মত

নীলের চোখে ছিল মস্ত এক ঝিল
যেখানে স্বচ্ছ জল টলমল করত
মনে হত সব ভুলে ডুবে যাই
গভীরে আরও গভীরে
নীল আর আমি গল্প করে
হেঁটেছি অনেক সন্ধে
ছূঁয়েছি মেঘ ,চুরি করেছি
তারাদের একচেটিয়া রাত

নীল ছিল বৃষ্টির মত, যার বাষ্পে
ভিজতে ভিষণ ইচ্ছে হত
কখনো কাঁচের ওপারে
বারান্দায় নাগালের বাইরে
কখনো শৈত্যের শিহরণে
সকালের ছাদে একলা
কখনো অকারণে.. এমনি
প্রতিদিনের তৃপ্তিতে..অস্বস্তিতে...


নীল যাবার আগে
বলেছিল চল্লাম..আমার পালা শেষ
মুঠো ভরে  দিয়ে গেছিল ..মনখারাপ
ভয়ে ভয়ে প্রাণপনে
এটে রেখেছি তাকে,
পাছে এটুকুও নিমেষে উবে যায়..
বলা হয়নি...
সেই মনখারাপের রঙ ছিল নীল

No comments:

Post a Comment