Thursday, December 28, 2017

এ অপেক্ষা আদিম
এ অপেক্ষা চিরকালীন
এ অপেক্ষা অস্থিমজ্জায় মিশে
কি ভিষণ জিবন্ত ...
এ অপেক্ষা বড় আপন

যে মেয়েটা একটু আগেই
শেষ বেলায় স্নান সেরে, জ্যালজ্যালে
এক শাড়ি জড়িয়ে ,কপালে সিঁদুরের টিপ এঁকে
যা হোক কিছু একটা মুখে দেবে পেটের দায়
তার রুখাসুখা বিনুনির খাঁজে খাঁজে সে
বুনেছে না জানি কোন ঝলমলে ভোরের অপেক্ষা

সেই বছর পঁচিশের ছিপছিপে ছেলে
যার মনের কোনে পরতে পরতে ধুলো
হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে যার
প্রতিদিন  শিউরে উঠে দাবানলের স্বপ্ন দেখে যে
আর কান্নাগুলো লুকিয়ে রাখে বন্ধ ঘরের ক্যানভাসে
তার অপেক্ষা ধুমকেতু আছড়ে পরার

আছে আরও এক অপেক্ষা
সঞ্চিত সব কটা বছর ফুরোলে যখন
এক একটা দিন উপার্জন করতে হয় রক্তমাংসের বদলে
প্রিয়জনের চোখের তারায় হতাশা তিলেতিলে
পুড়িয়ে দেয় অবশিষ্ট প্রাণবায়ু
সেই অভাগার সবাইকে পিছলে ফেলে পালানোর অপেক্ষা...

আর আমার অপেক্ষা বর্ষার
আমার শ্যাওলা মাখা উঠোন যে
হাসিমুখে ধুয়ে দেবে , কলকল করে কথা বলবে দু এক পশলা
রিনিরিনি ছাট এসে মুখ জুড়ে ভালোবাসবে
সোদা গন্ধ ভরিয়ে দেবে মনের ভাজে
অপেক্ষা সেই নাম না জানা ভালোলাগার

No comments:

Post a Comment