Tuesday, January 2, 2018

যা, যেতে দিলাম তোকে
দুঃখে নয় ,ক্লান্তিতে নয়
নয়  মনের স্ফূর্তিতে ...
হাঁফ ছেড়ে বাঁচার তাগিদেও নয় ।
বহমানের ডাকে যেতে দিলাম তোকে
না ঘুমানো রাতের নালিশে নয় ।

আম‍ার আগোছালো ঘর তেমনই থাকবে ছাপোষা
পরদা যেমন ঝলসানো রঙ, ভালোই আছে.. থাক
দুবেলা আমি  লাল চা খাই...বহুকালের অভ্যেস
ছেলেবেলার ঠান্ডা লাগার সে ধাত টুকুও বদলাবার নয়

যেতে দিলাম তোকে
ছোটবড় আঘাতের দাগ..তোরই দেওয়া ,সে নিয়ে
আজও খেদ আছে , রইবে....তা কি কখনো যায়.. ভালোবেসে যেকটা সন্ধে নিপুণ হাতে আঁকা,
সেটুকু নিয়েই সাধ মিটবে রোজ
কথায় কথায় নাম নিয়েছি তোর
সময় লাগবে, তা শুধরাবো ধীরে ধীরে
গন্ধ যেটুকু রক্তে মিশে গেছে,
স্বভাবে যা গেঁথেছিস যত্ন ভরে ...থাকবে তারা ,
বইয়ের খাঁজে , বালিশের নিচে.. বুকের কাছাকাছি...
শুন্য যেটুকু হল ,তার সঙ্গ গা সয়ে যাবে, দেখবি
তোর মতই  হাসির ছলে সেও কেমন আপন হতে পারে ॥

যেতে দিলাম তোকে, বহমানের ডাকে
হয়তো কোনো নতুন ছায়াপথে ...আগামী শতাব্দীতে
আমারই মত কেউ তোর পথ চেয়ে আছে ॥

No comments:

Post a Comment