Friday, February 23, 2018

একদিন সব কিছু ঠিক হয়ে যাবে
রাতে আলো থাকবে সব মানুষের ঘরে
বসন্তরা আসবে নিয়ম মেনে
সকালে হাঁটতে যারা যায়
হিসাব মত মেদ ঝরবে তাদের

একদিন সব কিছু সহজ হয়ে যাবে
সম্পর্কের অঙ্কগুলো মিলে যাবে কাটাকুটি ছাড়াই
বাচ্চারা রাস্তা পাড় হবে হাত ধরাধরি করে
মুখ দেখাদেখি বন্ধ ছিল যাদের
এক ছাদের নিচে ভাত খাবে তারা

একদিন এভাবেই নিয়মে ধরা দেবে সব
মিছিল শুধুই হাঁটবে ঢাল বয়ে
গোধুলিতে ফিরবে প্রতিবাদী বাছুর
ঝড়ের শেষে শান্ত মেঘেদের মত
সব মেয়েরা চুল বাঁধবে যেমন তুমি চাও

তবু সেদিনও অকারণে চোখ উতলা হবে তোমার
সেদিনও ফিরতি পথে আকাশে চেয়ে শুণ্য লাগবে বুক
সেদিনও এক পশলা বৃষ্টি যদি  হয়
ওলটপালট হবে উঠোন জোড়া মন
সেদিনও তোমার একলা লাগবে বড়
যতই ভিড়ে ব্যস্ত থাকুক নজরবন্দী সময়

No comments:

Post a Comment