Saturday, March 10, 2018

যে মেয়েটা মেঘের সাথে কথা বলতে
ছুট্টে যেত ছাতে
দুপুর বেলার উঠোনটা যার
মনখারেপের আঁকিবুকির খাতা
ফাগুন সন্ধে বাতাসে সে
একলা ভিজত চিলেকোঠার ঘরে
তার এলোপাথারি স্বপ্নে ঝুলবারান্দার রঙমিলন্তি
কাগজি ফুলের সাথে
সেই মেয়ের ঘুম ভেঙে ফেলে আসা জন্মের
লাল সাদা স্কুলছুট  জামাটা
জানো কি কোথায়?

যে মেয়েটার চাল ছিল না চুলো ছিল না
সাজগোজের ছিলনা কোনো বালাই
হাতে পায় খড়খড়ি তার
চুল গভীর রাতের অলিগলির নেশা
উদলো মাঠের কোলে মাথা রেখে
সে মেয়ের আবদার গলে পরা আকাশের বুকে
পথচলতি নুড়িপাথরের দল অবলীলায় লিখেছে
যার মুঠোভরা সুখ দুখের কথা
সেই মেয়ের ..সেই মেয়ের
ছায়াপথে হারিয়ে যাওয়া
লাগামছাড়া সন্ধ্যাতারার খোঁজ
আছে কি তোমার কাছে?

যে মেয়ের রক্তে মিশে যেত নীল
দাবানল হয়ে দাপিয়ে ফিরত শিরায় শিরায়
একবুক জলে সে ঠায় অপেক্ষায়
এখনো না জানি কোন আগাম খরার দায় বয়ে
যার কপাল চুঁয়ে বিন্দু বিন্দু মহাকাল
আজীবন ঝরে পরে, নিঃশব্দে নিরাকারে
দৃষ্টি তার বহু সময় পার করে নিষ্পলক
সভ্যতা নামে শহরে আর নিষ্ঠুর ধরা দেয়
অক্লেশে তার শরীরে.....
সেই মেয়ের পাথর চোখে একচিলতে সবুজ হয়ে
সেই মেয়ের  বৃষ্টিস্নানের সোহাগী গন্ধ হয়ে
এলে কি তুমি তার নতুন আবিষ্কারে
তার নতুন প্রেম হয়ে?

No comments:

Post a Comment