Sunday, March 25, 2018

তুমি কি ভুলে গেছো...

তুমি কি ভুলে গেছো...
কবিতায় আকাশ দেখার পালা শেষ
এবার ভাত বসাতে হবে
সাদামাটা চচ্চড়ি নিয়ে পাত পেড়ে আমি অপেক্ষায় ।
কই এসো..অনেক রাত হলো
তুমি কি ভুলে গেছো ?
এটুকু বিলাসিতা আমারো মনের চাই ॥

তুমি কি ভুলে গেছো...
আমাদের নীল স্বপ্নের কথা
তুমি  দুটো পাখি আঁকবে বলেছিলে
পর্দার রঙ জানলায় ফাগুন সবই বোনা আছে ।
কই ওঠো.. কটা বছর চেখে দেখব একসাথে
তুমি কি ভুলে গেছো ?
ভালো বাঁচার ইচ্ছা আমারো খুব হয় ॥

তুমি কি ভুলে গেছো...
বয়স বেড়েছে আজকাল
এখন একটা ছাতা  হাতে থাকলে ভালো
ইজিচেয়ারে অলস সন্ধ্যা কাটাবো পাশাপাশি ॥
কি হলো ...শীত যে এসে কড়া নাড়ে দোড়গড়ায়
তুমি কি ভুলে গেছো ?
এটাই আমার বেলাশেষের উপহার ছিল ॥

No comments:

Post a Comment